রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

তুমি এমনিই সুন্দর

তুমি এমনিই সুন্দর
------------------
তুমি এমনিই সুন্দর
তোমাকে পেয়ে সমুদ্র ভুলে গেলো ঢেউর নাচন
জোছনা অবগাহনের মেঘ মণ্ডল ভুলে গেলো পূর্ণিমা মন্থন।
তরঙ্গের পীঠে তরঙ্গ শূন্যতা
পূর্ণিমার বুকে ভয়ানক খর স্রোতা...
বিচলিত গাঙচিলেরা দিনমান এক করে ডেকে গেলো
মৎস্যকুলের সমস্ত মৎস্য, সামুদ্রিক প্রবাল, শামুক -ঝিনুক
সাতরে সাতরে একাকার সব! তবু ভাঙেনি সমুদ্রের বিমুগ্ধ স্থবিরতা!
......তারপর দেখতে দেখতেই সৃষ্ট অনিবার্য নিম্নচাপ! উন্মত্ততা
বেফাঁস তর্জন গর্জন!
তুমি এমনিই সুন্দর
তোমায় দেখতে দেখতে পুড়ে গেলো গোলাপ বাগিচা, প্রাচীন নগর
পুড়ে গেলো শতাব্দীর শ্রেষ্ঠ চিত্র পট
তুমি এমনিই অপরূপা, একবার তাকাতেই এঁটে গেলো চোখ
শিল্পীর নয়নে ধরা দেয়নি আর,অন্য কোন চিত্রপট দ্বিতীয় বার!

এই আমি সেই তোমাকেই ভালবাসলাম
তোমার জন্যই গোলাপ হাতে ছুটে এলাম আদিগন্ত পথ।

দা উ দু ল  ই স লা ম।
২৮/৮/১৬

শুক্রবার, ৩ জুন, ২০১৬

অবিশ্রান্তির সন্ধানে


অবিশ্রান্তির সন্ধানে


 তোমাকেই ভালবেসেছিলাম  অবিরাম - বিগত বসন্তে
তোমাকেই আঁকড়ে রেখেছিলাম অবিরাম-  অনন্ত শীতে।

অবিরাম নাম ধরে ডেকেছিলাম - কোকিলের কণ্ঠে
উদাম গ্রীষ্মে ভরে খুঁজেছিলাম রুধীরাক্ষের মদিরা স্রোতে।

সূর্য প্রণাম থেকে সন্ধ্যাবাতি, অবিরাম ধ্যানে ছিলাম অশ্রুমতি
তোমার সন্ধানে ডুবেছি অবিরাম- হৃদয়ের গহীনে অজস্র পঙক্তি।

অতৃপ্ত নয়নে পুড়েছে অবিরাম - তাম্র তপোবনের শাখা, বিদগ্ধ রাতে
নগ্নতার উত্থান -পতন, ভিক্ষে চেয়েছি জীবন; আপন রক্ত মাখা হাতে।

অবিরাম উপেক্ষিত হয়ে আসছি সেই জন্ম জন্মান্তরের পরতে পরতে
কবেকার প্রাণের স্পন্দন থমকে আছে আজো ; অচেনা শঙ্খ- শালিকের ঠোঁটে।


দা উ দু  ল   ই স লা ম।
৩/৬/১৬

শনিবার, ২৮ মে, ২০১৬

ছন্দ মত্ত শ্রাবণ

ছন্দ মত্ত শ্রাবণ

নাগর দোলায় ঘুরছে বিগত শৈশব
রুদ্ধশ্বাস কৌতূহলে- চোখে থমকে আছে ওপেনটি বায়স্কোপ।

অতলের আহবানে উচ্ছল যৌবন
খাঁড়ি ছেড়ে নদীর পাঁজরে হাতড়ে বেড়ায়- মাছ নাকি সংগুপ্ত ধন?

হৃদয় জুড়ে ভরা নদী, ছন্দ মত্ত শ্রাবণ
পূর্ণিমা জোয়ারে ভেসে যায় নারীর অন্দর মহল; উষ্ণ কাশবন।

দ্বিধা ছেড়ে বাড়ছে ক্ষুধা - নির্ঘুম প্রহরের আড়ালে
সুধা ভরা টইটম্বুর যুগল স্তন! উঁকি দেয় নক্ষত্রের ভিড়ে, রাতের আঁচলে।


গানে কবিতায় সাজছে বেলা- অবেলা , ঋতুমতী নারী
ঘুমে জাগরণে বুনছে বীজ; যেখানে প্রেম ভিড়িয়েছে স্বপ্ন তরী

উদাম আকাশে উড়ছি অবিরাম- অনন্ত জীবন
 এখনো তাড়া করছে অফুরন্ত দুঃখ বেদনা, এখনো চলছে প্রাণের সংগ্রাম।


দা উ দু ল  ই স লা ম।
২৮/৫/১৬

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

অধীর অবক্ষয়



দীর্ঘ সমুদ্র উবে গেছে বুকে জমানো দীর্ঘশ্বাসে
লুপ্ত তরঙ্গ -জোয়ার চুকে গেছে মলিন সন্তাপে,
নতজানু অন্তরীপে। চোখে বিধেছে শোকের ভার
এভাবে আমার অধীর অবক্ষয়; অকূল অন্ধকার!
রক্তললাট ঠুকে ঠুকে রঞ্জিত করি ইশ্বরের চরণ
নৈবদ্যের বুকে মন্থিত জিকির; ইয়ারব ইয়ারব ...
থেকে থেকে ডুকরে উঠে প্রাণের ক্রন্দন-
প্রভু হে-
এবার উদ্ধার করো;
না হলে ঘোষনা দাও মৃত্যু উৎসবের-


দা উ দু ল ই স লা ম ।
২৬/৫/১৬

বুধবার, ২৫ মে, ২০১৬

দাউদের কাব্যময় উচ্ছ্বাস: সংক্রামক কাব্য

দাউদের কাব্যময় উচ্ছ্বাস: সংক্রামক কাব্য: অমর্ত্যের অপ্সরা আমার তোমার রহস্যে ভীত জগতের রহস্যরা অতলের আহ্বানে এতো অতলান্তে আমি আজো পাইনি সীমান্ত তোমার হৃদয় অধরা অস্তিত্বে লীন হতে ...

সংক্রামক কাব্য


অমর্ত্যের অপ্সরা আমার
তোমার রহস্যে ভীত জগতের রহস্যরা
অতলের আহ্বানে এতো অতলান্তে আমি
আজো পাইনি সীমান্ত তোমার হৃদয় অধরা

অস্তিত্বে লীন হতে হতে একদিন হার মানবে রহস্যরা।

রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

ছলনার মোক্ষম ছদ্মবেশ



ছলনার মোক্ষম ছদ্মবেশ
===ღ===
বিষে যার তৃষ্ণা মিটে
তুমি তাকে তিক্ত করবে কোন বিষাদে?
জানো না-
দুঃখ নিষিক্ত অন্তরে অন্ধকারের ভয় থাকতে নাই।
আমি তো ভালোবাসতেই জানিনে; তবে
কিসের এতো লালসা তোমার
কিসের নেশায় বার বার খোঁচাচ্ছো হৃদয়!
চোখের বাঁকে বিষ মাখা উলঙ্গ তলোয়ার; হতাশ হবে
সর্বনাশ ঝেঁকে বসবে! আমি নই পাশা পুতুল খেলার!
আমি রুধীরাক্ষের রঞ্জিত অগ্নি, 
-বিষ পানে মেটাই জলের তৃষ্ণা নিরবধির
অনিষ্টের কষ্ট আমি; সর্বনাশের ভস্ম থেকে গড়ি স্বপ্নের স্বর্ণ মন্দির।
তুমি খেলতে এসো না- লুণ্ঠন হবে!
আমি জেনেছি, -
ভালোবাসা গুপ্ত লালসা আর ছলনার মোক্ষম ছদ্মবেশ!
আড়ালে যার বিষাদের নিমিত্ত যাতনা, 
জোছনায় মোড়ানো অমাবস্যার নীল ক্লেশ।
আমাকে পরাস্ত করবে কিসে? আমি তো বাঁচতে জানি
অশেষ কষ্ট আর বিষাদের বিষে; মেটাতে জানি হৃদয়ের গ্লানি।
ღ===ღ===ღ===ღ===ღ===ღ==ღ
দা উ দু ল ই স লা ম ।
২৩/৪/১৬